পুলিশের ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
সভায় পুলিশ সদস্যদের আচরণ, দায়িত্ববোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। থানাকে সাধারণ মানুষের জন্য আরও জনবান্ধব ও আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার নির্দেশনাও দেন।
এ সময় খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যরা তাদের সমস্যা ও চাহিদার কথা আইজিপির কাছে তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
কল্যাণ সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
