স্টাফ রিপোর্টার ॥
পরিবেশ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভোলার ভেদুরিয়ায় পরিবেশবিষয়ক বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন স্মার্ট ফিসারিজ প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রকল্পভুক্ত ‘ব্যাংকেরহাট মডেল পরিবেশ ক্লাব’ এ কর্মসূচি বাস্তবায়ন করে।
প্রতিযোগিতার বক্তব্যের বিষয় ছিল ‘পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয়’। এতে পরিবেশ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতা শেষে বিজয়ীকে পুরস্কৃত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক ও জিজেইউএসের ডেপুটি ডিরেক্টর গোপাল চন্দ্র শীল, প্রকল্পভুক্ত মৎস্যচাষি এবং পরিবেশ ক্লাবের সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. মোরছালিন এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো. রিপন শেখ।
কর্মসূচির শেষপর্যায়ে পরিবেশ ক্লাবের সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি পরিবেশকে দূষণমুক্ত রাখতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন ও অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।