দেশে আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য সূচি অনুযায়ী, পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শেষ ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সম্ভাব্য নির্বাচনী সূচির তথ্য জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ভোট হতে পারে ৭২৭টি ইউনিয়ন পরিষদে।
এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে ভোট নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবারের সভায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ সূচিকে সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই বিবেচনা করতে হবে।
