যশোরে আলমসাধু চুরির অভিযোগে গণপিটুনিতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান (৪৬) নামে আরেকজন আহত হন। জীবন বাঁচাতে বাঁওড়ে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছেন আল আমিন (৪০)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার রাতে দেয়াড়া মডেল ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান জানান, নারাঙ্গালী গ্রাম থেকে শ্যালো মেশিনচালিত আলমসাধু চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করেন স্থানীয়রা। এ সময় দুজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। এতে মিজানুর নিহত ও মনিরুজ্জামান আহত হন। অন্যদিকে, আল-আমিন বাঁওড়ে নিখোঁজ রয়েছে।নিহত মিজানুর চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামের বাসিন্দা। আহত মনিরুজ্জামানের বাড়ি ঝিকরগাছার রামচন্দ্রপুর গ্রামে। নিখোঁজ আল-আমিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। তিনি নিহত মিজানুরের ভায়রা বলে জানা গেছে। মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত মনিরুজ্জামান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ আল-আমিনকে উদ্ধারে ডুবুরি দল চেষ্টা অব্যাহত রেখেছে।