Published on
:
2 min read
অরুণাচল প্রদেশের প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি। এই প্রকল্পের বিরোধিতা করে গত ২৩ অক্টোবর সিয়াং, আপার সিয়াং এবং ইস্ট সিয়াং জেলায় ১২ ঘণ্টার বন্ধ পালিত হয়। পরবর্তীতে পাসিঘাট ও সংলগ্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অশান্তি ছড়ানোর পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্রীয় সরকার। হিংসা মোকাবিলায় নবি মুম্বই থেকে অরুণাচলের পাসিঘাটে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর বিশেষ শাখা র্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) প্রায় ২৫০ জন জওয়ান।
উল্লেখ্য, CRPF-এর এই বিশেষ বাহিনী মূলত ধর্মীয় অশান্তি নিয়ন্ত্রণ, হিংসাত্মক বিক্ষোভ মোকাবিলা এবং জনশৃঙ্খলা বজায় রাখার কাজে প্রশিক্ষিত। জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশের অশান্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই CRPF-এর একাধিক ইউনিট মোতায়েন রয়েছে। নতুন করে RAF পাঠানোর ফলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
অরুণাচলের একাধিক প্রস্তাবিত জলপ্রকল্পের মধ্যে অন্যতম এটি। অরুণাচলের আপার সিয়াং (Upper Siang) জেলার গেকু (Geku) গ্রামের কাছে সিয়াং নদীর উপরে প্রস্তাবিত একটি মেগা জলবিদ্যুৎ ও বহুমুখী নদী প্রকল্প। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই প্রকল্পের ফলে বাস্তুজমি হারাতে পারেন বহু মানুষ। এমনকী ওই এলাকার জীব বৈচিত্র ও পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। সেই আশঙ্কা থেকেই এই প্রকল্পের কাজ বন্ধের দাবি জানিয়ে আন্দোলন শুরু হয়েছে।
অন্য দিকে প্রশাসনের দাবি, প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে যাচাইয়ের জন্য প্রাথমিক সমীক্ষা গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে তার সম্ভাব্য সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত মূল্যায়ন করা প্রয়োজন। তবে এই প্রকল্পের বিরোধিতা করে শুক্রবার রাতে ইস্ট সিয়াং জেলায় একটি NHPC কার্যালয় এবং একটি থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাজ্যের একাধিক রাজনৈতিক নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ইতিমধ্যে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা কিংবা জনজীবন ব্যাহত করা গ্রহণযোগ্য নয়।
