বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ের জুমক্ষেতে একটি বন্য ভাল্লুককে হত্যা করেছে জুমিয়া যুবকরা। হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা করা ভাল্লুকের ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আলীকদম সদর ইউনিয়নের থানচি-আলীকদম উপজেলা মধ্যেবর্তী ডোওরি পাড়া এলাকায়।
ভিডিওতে কয়েকজন যুবকের কথোপকথনে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, পাহাড়ে চাষ করা জুমক্ষতের ফসল নষ্ট করে বন্য ভাল্লুক। ভাল্লুকের আক্রমণে জুম চাষিসহ পাহাড়ি সম্প্রদায়ের অনেকেই প্রতিবছর আহত হয় আলীকদমে। জুমক্ষেতের ফসল রক্ষায় বন্য একটি ভাল্লুককে ফাঁদ পেতে ধরে হত্যা করেছে জুমচাষি যুবকরা। ঘটনাটি গতকাল শনিবার জুমক্ষেতে ঘটেছে।
তবে স্থানীয় কয়েকজনের দাবী, ঘটনাটি মাস দেড়েক আগের।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) লামা উপজেলা সভাপতি রুহুল আমিন বলেন, বন্য প্রাণী হত্যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। বন্য প্রাণী হত্যার কারণে ভাল্লুক, হরিণ, মেছোবাঘসহ বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে বান্দরবান জেলা থেকে। ভাল্লুক হত্যার ঘটনাটি দুঃখজনক। ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
আলীকদম সদর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মতিন বলেন, ডোওরি পাড়া আলীকদমের ২৯১ নং তৈনফা মৌজায় পড়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম, নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক খবরাখবর পাওয়া যায় না বলে ভাল্লুক হত্যার ঘটনাটি শুনিনি।
বনবিভাগের তৈনফা রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ছুটিতে থাকায় ঘটনাটি আমি শুনিনি। তবে সংশ্লিষ্ট বনপ্রহরীর মাধ্যমে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, এ ধরনের তথ্য জানা নেই। প্রতিবেদকের মুখেই প্রথম শুনতে পেলেন। বিষয়টি বনবিভাগের দায়িত্বশীলদের জানিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
