শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুলশিক্ষক আবুল বাশারের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
বুধবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকা থেকে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার( ২২ অক্টোবর) দুপুরে সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এসআরবি-৮, বরিশাল।
গ্রেপ্তার আতাউর রহমানের বয়স ৫৮ বছর। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আফুলশী মিয়াবাড়ী এলাকার বাসিন্দা এবং ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার।
গত ১৮ অক্টোবর গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা ও খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও স্বজনদের কাছে মারধরের ছবি পাঠিয়ে চিকিৎসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন।
এরপর ২০ অক্টোবর শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়।
