ভারতের অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ সরকার পরিবর্তনের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ও সাংবিধানিক পথেই এ পরিবর্তন আনতে হবে। ২০২৪ ও ২০২৫ সালে গণবিক্ষোভের মুখে যথাক্রমে বাংলাদেশ ও নেপালে সরকার পরিবর্তনের ঘটনার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা টেনে তিনি এ মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশ রাজ বলেন, ‘আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।’ উত্তর প্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ‘আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন, গান্ধী আছেন, ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে, ভোট দেওয়ার অধিকার আছে।’
শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চের’ আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করার পর প্রকাশ রাজের এ বক্তব্য আসে।
নির্বাচনি তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে সংগঠনটি।
প্রকাশ রাজ অভিযোগ করেন, বিক্ষোভকারীদের দমনে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আলোচনায় বসতে সরকারের অনীহাই তাদের সরকার পরিবর্তনের দাবি তুলতে বাধ্য করেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না বলেই আমাদের এ অবস্থানে ঠেলে দিয়েছেন। আপনারা শক্তি প্রয়োগ করছেন।’
তিনি বলেন, ‘আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র সংবিধান। আমাদের অস্ত্র প্রতিবাদ করার অধিকার।’
শুক্রবারের তিরঙ্গা মার্চের আগে আটকের ঘটনাও প্রশ্নবিদ্ধ করেন প্রকাশ রাজ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
প্রকাশ রাজ বলেন, ‘আমি মোদিজিকে জিজ্ঞাসা করছি, আপনার হর ঘর তিরঙ্গা স্লোগানের কী হলো? এ দেশের তরুণেরা জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামতে চান।’
বিক্ষোভকারীদের ওপর, বিশেষ করে নারীদের ওপর পুলিশের সহিংসতার অভিযোগও করেন তিনি। এ বিষয়ে শীতকালীন অধিবেশনে সংসদে সরব হতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান প্রকাশ রাজ। তিনি বলেন, নাগরিকেরা রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাবেন।
কৃষক, সংযুক্ত কিষান মোর্চা ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সমর্থনের কথাও উল্লেখ করেন প্রকাশ রাজ। তার দাবি, বিক্ষোভের পরবর্তী পর্যায়ে রাজপথে আরও বেশি মানুষের সমাগম হবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
