আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা জানান।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাড়ে চার হাজার ইউপির মধ্যে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল নির্বাচন হবে, চতুর্থ ধাপের ভোটের তারিখ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে নির্বাচন হবে।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
তিনি আরও বলেন, প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।
আজকের সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
