কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার নানা কৌশলে মেতেছেন একটি মহল। এরা বিনিয়োগকারীদেরকে অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার আবু নুর মোহাম্মদ হাসানুল করিম৷ তিনি বলেছেন, এসব অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি সম্পর্কে বিনিয়োগকারীকে বিশেষ সতর্ক থাকতে হবে। একইসঙ্গে বিনিয়োগের আগে তথ্যের সত্যতা যাচাই, ব্যক্তিগতসহ আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজেকেই।
আজ সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ সমাপনী অনুষ্ঠানে নিকুঞ্জে ডিএসই নিজস্ব টাওয়ারের মাল্টি-পারপাস হলে মূল প্রবন্ধ উপস্থাপনকালে হাসানুল করিম এসব কথা বলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) যৌথ ‘উদ্যোগে ডিজিটাল প্রতারণা ও স্ক্যাম সতর্কতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার তানবীর হাবিব রহমান, অ্যাডভোকেট নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, হোসাইন সাহাদত এবং ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিনিয়োগ গ্রুপ, প্রতারণামূলক ট্রেডিং প্ল্যাটফর্ম, পরিচয় জালিয়াতি, ফিশিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার বিভিন্ন কৌশল তুলে ধরে আবু নুর মোহাম্মদ হাসানুল করিম বলেন, এখন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার নানা কৌশলে মেতেছেন একটি মহল। এরা বিনিয়োগকারীদেরকে অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই বিনিয়োগকারীকেই এসব অবাস্তব মুনাফার সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। একইসঙ্গে বিনিয়োগের আগে তথ্যের সত্যতা যাচাই করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত এবং আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজেকেই। এসময় বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং পুঁজিবাজারের প্রতি আস্থা বজায় রাখতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ফোরামের মাধ্যমে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে জানিয়ে বিএসইসির কমিশনার হোসাইন সাদাত বলেন, এসব কর্মসূচিতে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বারবার গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলেও প্রকৃত সচেতনতা নির্ভর করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জ্ঞান অর্জন, বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন এবং দায়িত্বশীল আচরণের ওপর।
হোসাইন সাদাত বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি কেবল এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি প্রতীকী উদ্যোগ, যা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী, বিনিয়োগকারী ও পেশাজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে সারাবছর সচেতন ও দায়িত্বশীল থাকার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি পুঁজিবাজারের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জ্ঞান অর্জন, সঠিক উপলব্ধি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহবান জানান।
আন্তর্জাতিকভাবে আলোচিত বার্নি ম্যাডফের পঞ্জি স্কিমের উদাহরণ তুলে ধরে বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক বলেন, প্রতারণামূলক বিনিয়োগ স্কিম সব সময় অস্বাভাবিক উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত হয় না, কখনো কখনো ধারাবাহিক ও স্থিতিশীল মুনাফা দেখিয়েও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। বাজারের ওঠানামা সত্ত্বেও কোনো বিনিয়োগে নিয়মিত ইতিবাচক রিটার্ন দেখানো হলে তার বিশ্বাসযোগ্যতা ও প্রকৃত উৎস যাচাই করা জরুরি। তিনি বলেন, দ্রুত ও সহজে অধিক মুনাফা অর্জনের লোভ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। এ ধরনের ঝুঁকি শুধু বিনিয়োগ বা আর্থিক স্কিমেই সীমাবদ্ধ নয়, ই-কমার্সসহ বিভিন্ন ক্ষেত্রেও প্রতারণার ঘটনা ঘটতে পারে। তাই যেকোনো বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করা এবং অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতিতে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বব্যাপী ডিজিটালাইজেশনের প্রসারের সঙ্গে সঙ্গে আর্থিক প্রতারণার ঝুঁকিও বাড়ছে জানিয়ে বিএসইসির কমিশনার মিসেস নাহিদ মাহতাব বলেন, দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় বিনিয়োগকারীদের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে আরও সতর্কতা, সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। দ্রুত বড়লোক হওয়ার প্রবণতা এবং লোভকে কাজে লাগিয়ে প্রতারকরা বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে। তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও দাবি যাচাই না করে কোনো আর্থিক লেনদেন করা উচিত নয়।
সমাপনী বক্তব্য ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাজারের ওপর অতিরিক্ত বিক্রয়চাপ এড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। বাজারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বাজারসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ প্রেক্ষাপটে তিনি পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
আইপিওর ক্ষেত্রে আর্থিক বিবরণীর ১২০ দিনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়ে সাইফুল ইসলাম বলেন, নতুন আইপিও বিধিমালার অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নিরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন। এ কারণে আর্থিক বিবরণীর মেয়াদ ১২০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা এবং নতুন আইপিও বিধিমালার প্রেক্ষাপটে সাময়িক ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার আহবান জানান তিনি।
সংশ্লিষ্ট সংবাদ: বিএসইসি
১৬ সেপ্টেম্বর ২০২৬
০৯ সেপ্টেম্বর ২০২৬
০৬ সেপ্টেম্বর ২০২৬
