গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সদর দপ্তরে এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের উদ্যোগে বিশেষ অগ্নিনির্বাপণ ও জরুরি বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর, ২০২৬) আয়োজিত এ মহড়ায় ওয়ালটন সদর দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহড়ায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশার ও ফায়ার হাইড্রেন্টের ব্যবহারিক প্রয়োগ, আগুন লাগা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে করণীয় এবং আহতদের দ্রুত উদ্ধার ও নিরাপদ প্রস্থান বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেরই অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার কাজ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এটি জরুরি মুহূর্তে জীবন রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। শ্রম বিধিমালা অনুযায়ী কর্মক্ষেত্রে সার্বিক প্রস্তুতি বাড়াতে এ ধরনের মহড়া অপরিহার্য এবং ওয়ালটন সবসময় বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।”
তিনি বর্তমান সমসাময়িক বিভিন্ন পরিস্থিতিতে কর্মীদের করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেন।
ইএইচএস বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসচেতনতা, অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত জরুরি নির্গমন পথ না থাকায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়ে থাকে। প্রতিটি কর্মী নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।”
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজিত এই মহড়ায় দুর্ঘটনার সময়ে দ্রুততম সময়ে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং কোম্পানির সম্পদ রক্ষার উদ্দেশ্যে কয়েকটি কার্যকরী টিম গঠন করে অনুশীলন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মানবসম্পদ বিভাগীয় প্রধান মো. কাউসার উদ্দিন চৌধুরী, প্রশাসন বিভাগীয় প্রধান তানভীর আহমেদ, ডেপুটি অব এএমডি সেলিম রাজা রাসেল, চিফ আর্কিটেক্ট সৈয়দ আব্দুল্লাহ রাজু, টিভি প্রডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার শামীম শাহরিয়ার হোসাইন, লিথিয়াম আউন ব্যাটারি প্রডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার নাজমুস সায়াদাত এবং কন্সট্রাকশন বিভাগীয় প্রধান মোহন কুমার পালসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো মহড়া সঞ্চালনা করেন ওয়ালটন ইএইচএস বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ প্রকৌশলী মো. ইশাদুল ইসলাম।
