সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) তানভীর আহমেদ রবিন বিষয়টি জানিয়ে রাইজিংবিডিকে বলেন, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন জায়গায় ফোন করে দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে টাকা দাবি করছিল। বিষয়টি জানার পরপরই রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ করি। পরে এ ঘটনায় মামলা করা হয়।
তানভীর আহমেদ রবিন বলেন, পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আমি চিনি না। তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই।
তিনি জানান, এখন পর্যন্ত তাদের কাছে অন্তত তিনটি হাসপাতালের কাছে অর্থ চাওয়ার তথ্য এসেছে। হাসপাতালগুলো হলো রয়েল হাসপাতাল, দেশবাংলা হাসপাতাল ও ইসলামী হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে তাদের পরিচয় থাকায় তারা বিষয়টি জানাতে পেরেছেন।
তানভীর আহমেদ রবিন বলেন, হাসপাতালের মালিকেরা আমাদের চেনেন, আমরাও তাদের চিনি। তারাই আমাদের বিষয়টি জানিয়েছেন। যারা আমাদের চেনেন না বা আমাদের সঙ্গে যোগাযোগের কোনো মাধ্যম নেই, তারা এ ধরনের ফোনকলকে সঠিক মনে করে বিভ্রান্ত হতে পারেন।
প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কদমতলী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যে নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়েছিল, সেটি শনাক্ত করে পুলিশ অভিযান চালায়। বাড্ডা এলাকা থেকে একজনকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
তানভীর আহমেদ রবিন বলেন, কদমতলী থানা পুলিশ খুব দ্রুত কাজ করেছে। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের মানসম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল। মানুষ অনেক সময় যাচাই-বাছাই না করেই কোনো কথা বিশ্বাস করে ফেলে।
এ ধরনের প্রতারণার ঘটনায় কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
