পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার প্রায় ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভুটভুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপপুর মোড় থেকে ভেড়ামারার উদ্দেশে যাচ্ছিল খড়বোঝাই ভুটভুটিটি। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন থেকে গাড়িতে থাকা খড়ে আগুন ধরে যায়। এ সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব কিছু স্বাভাবিক আছে।
তুহিন মোল্লা/আরএআর
