হাটহাজারীতে ট্রাকের চাপায় নূর নবী (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী-রাঙামাটি মহাসড়কের ম্যাগপাইয়ের সামনে কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর নবীর বাড়ি নোয়াখালী জেলায়। তিনি হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ফার্মে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কলাবাগান এলাকায় ভ্যানগাড়িটি ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় পড়েন চালক নূর নবী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় আলিফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মালিক মো. ওবাইদ বলেন, “নূর নবী আমার ফার্মে চাকরি করতেন। বৃহস্পতিবার আসরের নামাজের পর তিনি ভ্যানগাড়ি নিয়ে বের হন। পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই।”
রাউজান হাইওয়ে পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালককে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
The post হাটহাজারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল ভ্যানচালক নূর নবীর appeared first on Dhaka Protidin.
