ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ৭ পুরুষ ও ৫ নারীসহ মোট ১২ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশকও উদ্ধার করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, আজ (বুধবার) সকাল আনুমানিক ৬টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়।
গয়েশপুর গ্রামের সোনামিয়ার আম বাগানের ভেতর হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এই চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।
এর আগে, গতকাল (মঙ্গলবার) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান চালানো হয়।
মাইলবাড়িয়া গ্রামের কলাবাগানের মধ্যে নায়েব সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আটক পুরুষেরা হলেন— মো. নাইম মোল্যা ২২ (যশোর), মো. শহিদুল মুফতি ৩৫ (সাতক্ষীরা), মো. নুর নবী ২৪ (যশোর), শুভ বিশ্বাস ২৪ (মাদারীপুর), আকাশ রায় ২৩ (নড়াইল), মো. সজিব ২০ (ঢাকা) এবং মো. ইমামুল হোসেন ২৬ (যশোর)।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
