চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। দুর্ঘটনায় প্রাণহানির পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখে তারা। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ও উত্তেজনার ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।
পরিস্থিতির বর্ণনা দিয়ে ওসি আরও জানান, দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এমনকি আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখা হয়। বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মহাসড়কে যান চলাচল পুনরায় চালু করতে কাজ করছেন।
এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের কর্মকর্তা আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, আকস্মিক এ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আটকে থাকা যানবাহনের চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়াও অব্যাহত ছিল।
The post সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, ঘাতক বাসে আগুন appeared first on ভোরের চেতনা.
