সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান অভিযুক্ত ফজলুল হক আমিনী বলেছেন, আইনের দৃষ্টিতে আমি অপরাধী হলেও অনুতপ্ত নই।
তার দাবি, শামীমকে পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) বিকালে আদালতে নেয়ার আগে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আমিনী।
এর আগে বেলা তিনটার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তারের পর এসআরবি-৬ পুলিশের কাছে হস্তান্তর করে। বিকাল চারটার দিকে পুলিশ তাকে আদালতে পাঠায়।
আমিনী বলেন, ‘আইনের দৃষ্টিতে আমি অপরাধী, অনুতপ্ত নই। যে কাজটি করেছি, সেটি আল্লাহ পাক ফয়সালা করবেন। পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে।’
শামীমের ধর্মীয় পরিচয় নিয়ে আমিনী বলেন, ‘সে যে ওভাবে নাস্তিক ছিল, আমরা ধারণা পাইনি। বিভিন্ন দেশ থেকে নাস্তিকরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল।’
এদিকে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ‘ফজলুল হক আমিনী হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও জানিয়েছেন। এ কারণে তাকে রিমান্ডে নেয়ার প্রয়োজন নেই বলে মনে করছে পুলিশ।’
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় গণপিটুনি দেয়া হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আমিনীর নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
শামীমের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
