Published on
:
1 min read
দুর্গাপুজোয় বিভিন্ন জায়গায় মণ্ডপের বাইরে বামপন্থীদের বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ উঠে এসেছে গত কয়েকদিনে। শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বির কাছে একটি বুক স্টল নিয়ে চরম উত্তেজনা। সেই বুক স্টল পুলিশের সরিয়ে দিতে বলা হয় বলে অভিযোগ। পুলিশ ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু। এমনকী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বুক স্টল ভাঙার জন্য একটি বুলডোজ়ার আনা হয় বলেও খবর।
সিপিএমের বুক স্টল বন্ধ করে দেওয়া নিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুরে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ একাধিক নেতৃত্ব হাজির হন ঘটনাস্থলে। পুলিশের সঙ্গে বাদানুবাদ হয় সিপিএম নেতৃত্বের। স্টল সরানো নিয়ে কোনও আইনি নির্দেশ আছে কি না তা দেখাতে বলা হয় পুলিশকে।
পরিস্থিতি উত্তপ্ত হলে বহু সিপিএম কর্মী-সমর্থকেরা ওই এলাকায় উপস্থিত হন। স্টল ভাঙার জন্য বুলডোজ়ার নিয়ে আসা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বুলডোজ়ারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন বাম কর্মী-সমর্থকেরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিপিএমের সেই বুক স্টল সরানো হয়নি। প্রতিবাদ দেখিয়ে যাচ্ছেন বাম সমর্থকেরা।
