মৌলিক অধিকার, নাগরিক পরিসর ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণ সাংবাদিক এবং মানবাধিকারকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল বিভাগের ছয়টি জেলার ৩২ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি (আভাস)-এর আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত ‘স্বাধীনতা (Swadhinata)’ প্রকল্পের আওতায় আভাসের প্রশিক্ষণকক্ষে এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মৌলিক অধিকার, নাগরিক পরিসর (সিভিক স্পেস), মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (ইউডিএইচআর), নাগরিক ও রাজনৈতিক অধিকার, বাংলাদেশের সংবিধান এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ মানবাধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অধিকার চর্চার ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে তরুণদের ভূমিকা তুলে ধরেন বক্তারা।
তিন দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার বিষয়ে তাত্ত্বিক ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন। একই সঙ্গে দায়িত্বশীল উপায়ে মতপ্রকাশ, নাগরিক পরিসর সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা বিনিময় করেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি বিকশিত হবে এবং তারা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
জেএইচআর
