কালবেলা · খেলাধুলা
দেড় দশক পর ফিরছে জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ
২২/১০/২০২৬

দীর্ঘ সাড়ে পনেরো বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ। আগামীকাল শুক্রবার ও শনিবার (২৩ এবং ২৪ অক্টোবর) ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘২য় জাতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬’ আয়োজিত হতে যাচ্ছে।
এর আগে ২০১১ সালের ২৭-২৮ মার্চ প্রথম জাতীয় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। তবে পরবর্তী সময়ে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় অর্থায়নের অভাবে দীর্ঘ দেড় দশক ধরে এই প্রতিযোগিতার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।
রেকর্ডসংখ্যক অংশগ্রহণ ও বিশেষ অর্থায়ন : এবারের আয়োজনটি অতীতের যে কোনো সময়ের চেয়ে কলেবরে অনেক বড় হতে যাচ্ছে। এবারের আসরে অংশগ্রহণকারী সংগঠন ৭৯টি। মোট প্রতিযোগী ১,৩০২ জন। মোট ইভেন্ট এন্ট্রি: ১,৬৩৬টি।
বিপুল এই অংশগ্রহণ দেশের তরুণ প্রজন্মের মধ্যে কারাতের জনপ্রিয়তা এবং সম্ভাবনাকেই স্পষ্ট ফুটিয়ে তোলে। এবারের আয়োজনের আরেকটি বিশেষ দিক হলো অর্থায়ন। পর্যাপ্ত সরকারি বা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয় অর্থের সিংহভাগই এসেছে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ব্যক্তিগত অনুদান থেকে। উদীয়মান ক্রীড়াবিদদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের এই ব্যক্তিগত দায়বদ্ধতা প্রশংসিত।
আন্তর্জাতিক সাফল্য ও ভবিষ্যৎ ভাবনা :
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে কারাতের ভূমিকা সবসময়ই গৌরবোজ্জ্বল। ২০১০ সালের দক্ষিণ এশীয় গেমসে (এসএ গেমস) বাংলাদেশের অর্জিত ১৮টি স্বর্ণপদকের মধ্যে চারটিই এসেছিল কারাতে থেকে। এছাড়া ২০১৯ এসএ গেমসে একদিনেই তিনটি স্বর্ণপদক জিতে দেশের জন্য অসামান্য সম্মান বয়ে এনেছিলেন এ দেশের কৃতী কারাতেকারা।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি জানান, ‘আমাদের লক্ষ্য কেবল একটি টুর্নামেন্ট আয়োজন করা নয়; বরং তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত একটি সুসংগঠিত, স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ক্রীড়াবিদ উন্নয়নব্যবস্থা গড়ে তোলা। দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া এই প্রতিযোগিতা এখন থেকে প্রতিবছর নিয়মিত অনুষ্ঠিত হবে এবং এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের বিশ্বচ্যাম্পিয়নরা।’
ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য এবং আয়োজক কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিকূলতার মধ্যেও তৃণমূল পর্যায়ে কারাতে চর্চা অব্যাহত রাখা বিভিন্ন ক্লাব, সংগঠক ও প্রশিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। কারাতেপ্রেমীদের প্রত্যাশা, ২৩ ও ২৪ অক্টোবরের এই মহাসমাবেশের মধ্য দিয়ে শুরু হবে দেশের কারাতে অঙ্গনের এক নতুন সোনালি অধ্যায়।
মূল প্রতিবেদনে যান ↗