শনিবার ছিল চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে নতুন সিনেমার খবর দেন পরীমনি। ‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’ সিনেমাটির কাজের অগ্রগতি জানিয়ে পরীমনি বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব।’ অনুষ্ঠানে পরিচালক তারেক রহমান সিনেমাটি নিয়ে তার আশাবাদের কথা শোনালেন। তিনি বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’ দীর্ঘদিন ধরে দর্শক ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। তাদের এই ভালোবাসার প্রতিদান ভালো কাজের মাধ্যমেই দিতে চান বলেও জানালেন। পরীমনি বলেন, ‘শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
