শীতের আগাম সবজিতে কমেছে দাম, তবু স্বস্তি নেই ক্রেতাদের
ওবায়দুল রশিদপ্রকাশ:
রাজধানীর বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় এসব পণ্যের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। কিছুটা কমেছে পোলাওয়ের চালের দামও। তবে দাম কমলেও প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে অনেকেই প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন।
আজ (২৩ অক্টোবর) শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বিক্রেতাদের দাবি, গত বছরের একই সময়ের তুলনায় এবং গত সপ্তাহের তুলনায়ও এসব সবজির দাম কম রয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে মূল্যবৃদ্ধির চাপে থাকা পোলাওয়ের চালের দামও কিছুটা কমেছে। তবে বাজারে পণ্যের দাম কমার প্রভাব সাধারণ ক্রেতাদের স্বস্তিতে তেমন প্রতিফলিত হচ্ছে না।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও তা এখনো অনেকের ক্রয়ক্ষমতার বাইরে। সংসারের খরচ সামলাতে বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনতে হচ্ছে তাদের। অপরদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্গাপূজার ছুটি এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বর্তমানে বিক্রি কম। ছুটি শেষে বাজারে ক্রেতাদের উপস্থিতি ও কেনাকাটা বাড়তে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
সব মিলিয়ে, বাজারে নিত্যপণ্যের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দিলেও সাধারণ মানুষের প্রত্যাশা, দাম আরও কমে এমন পর্যায়ে আসুক, যাতে সীমিত আয়ের মধ্যে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
