নেত্রকোণার চল্লিশা বাজার কেন্দ্রীয় হাফিজিয়া মাদরাসায় ফজরের নামাজের পর উচ্চস্বরে সূরা ইয়াসিন তিলাওয়াতকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। চল্লিশা বাজার সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ সদলবলে এ হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।
এ হামলায় মাদরাসার শিক্ষক হাফেজ সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বর্তমানে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃদ্বয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে, খবর পেয়ে আহত ছাত্র ও শিক্ষকদের দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে নেত্রকোণা সদর হাসপাতালে যান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক মাওলানা শাহ আলমসহ জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
