অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সবশেষ হালনাগাদ নারী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন শারমিন। আর স্বর্ণার উন্নতি ১৬ ধাপ। আজ প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে ৫৬১ রেটিং পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন শারমিন। অন্যদিকে ৩২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়েনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৮৬ নম্বরে রয়েছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৩ বলে ৫০ রান করেন শারমিন। ৭১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন স্বর্ণা।
নারী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটারেরও। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এলিসা পেরি। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও ১৪ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে অপরাজিত অর্ধশতক করা অ্যানাবেল সাদারল্যান্ড নারী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন। নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে ভারতের কয়েকজন ক্রিকেটারের। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়ে ভারতের নন্দনী শর্মা ২৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠেছেন। ক্রান্তি গৌড়ের উন্নতি হয়েছে নয় ধাপ। তিনি রয়েছেন ৪৩ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চরণী ও দীপ্তি শর্মা। তারা রয়েছেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।
