হুমাযুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার মাদক সম্রাট কায়েস ওরফে বুলু সেখ ও তার চাচি শাশুড়ি মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি এ্যাড: শামসুজ্জোহা শাহান শাহ্ এ তথ্য জানান। দন্ডপ্রাপ্ত কায়েস ওরফে বুলু সেখ মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে। তার চাচি শাশুড়ি শাশুড়ি মমতা খাতুন একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী।
মামলার বরাত দিয়ে এ্যাড: শামসুজ্জোহা শাহান শাহ্ বলেন, ২০১৭ সালের ১৭জুন কায়েস ওরফে বুলুর নিজ বাড়িতে র্যাব সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে ১১২ গ্রাম হেরোইন, ২০০ পিচ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সদর থানায় ৩জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ সকল আসামী বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় কায়েস ওরফে বুলু সেখ ও তার চাচি শাশুড়ি মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আর বিচার চলাকালে ৩নং আসামী একই মহল্লার শাহিন সেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
