আপনি যদি এমন অনুভূতির দুনিয়ায় হারিয়ে যেতে ভালোবাসেন, তা হলে এই ৬ বই আপনারই জন্য। চলুন, একে একে দেখে নিই।

৬ বইছবি : AI
কিছু গল্প আছে, যা পড়তে শুরু করলে সময়ের খেয়াল থাকে না। পাতার পর পাতা উল্টে যেতে ইচ্ছে করে। কখনও মনে হয় এ তো আমাদেরই চেনা মানুষের গল্প, আবার কখনও জীবনের গভীর কোনও সত্য এসে নাড়া দিয়ে যায় মনে। আপনি যদি এমন অনুভূতির দুনিয়ায় হারিয়ে যেতে ভালোবাসেন, তা হলে এই ৬টি বই আপনারই জন্য। চলুন, একে একে দেখে নিই।
কাঞ্চনগড়ের কোকিলস্যার — প্রচেত গুপ্তছবি : সংগৃহীত।
চন্দনপুর বয়েজ়ের দোর্দন্তপ্রতাপ অঙ্ক শিক্ষক সুশীলকুমার পাত্র। তাঁর কড়া শাসন আর শক্ত শক্ত অঙ্কে ছাত্রদের অবস্থা সবসময়ই কাহিল। সরু গোঁফ আর লম্বা নাকের সেই সুশীলবাবু হঠাৎ করেই হয়ে উঠলেন ‘কোকিলস্যার’! কারণটা বড়ই অদ্ভুত। ধমকাতে ধমকাতে হঠাৎ করেই তাঁর গলা থেকে কুহু কুহু শব্দ বেরিয়ে আসতে লাগল, যা দেখে চমকে উঠল সবাই। কথা বলতে গেলেই এমন কোকিলের স্বর কেমন করে বেরোচ্ছে? হাসিখুশি আর এক অদ্ভুত রহস্যের মোড়কে ঢাকা এই গল্প আপনাকে এক অন্য মেজাজে নিয়ে যাবে।
শ্বেতপাথরের থালা — বাণী বসুছবি : সংগৃহীত।
যে বয়সে স্বামী হারিয়ে যায়, সে বয়সে অনেকের তো বিয়েই হয় না আজকাল। কিন্তু বন্দনা তো ঠিক এই সময়ের নয়। বনেদি বাড়ির অন্দরমহলে তখন সংস্কারমুক্তির সামান্য হাওয়াও লাগেনি। সাবেকি নিয়মের শ্বশুরবাড়িতে তাই বন্দনার কপালে জুটেছিল শ্বেত পরিধান আর শ্বেত পাথরের থালার নিরামিষান্ন। চার বছরের শিশুপুত্রকে নিয়ে শুরু হলো তাঁর অকালবৈধব্যের এক দুশ্চর জীবন। বহু নিষ্ঠুর নিপীড়ন, ভ্রান্ত বিশ্বাস এবং অযৌক্তিক সংস্কারের বিরুদ্ধে বন্দনার সেই দৃঢ়, সাহসী ও সঙ্গত প্রতিবাদের গল্পই তুলে ধরে এই উপন্যাস, যা আজও আমাদের গভীরভাবে নাড়া দেয়।
চাঁদের গায়ে চাঁদ — তিলোত্তমা মজুমদারছবি : সংগৃহীত।
আত্মনির্ণয়ের বিপন্নতাই এখনকার মানুষের সবচেয়ে বড় অসুখ। মফস্বল স্কুলের ভালো ছাত্রী শ্রুতি, কলকাতার কলেজে পড়তে এসে সেই বিপন্নতারই মুখোমুখি হয়েছিল। দুই রুমমেটের সঙ্গে সম্পর্কের ঘূর্ণাবর্তে শ্রুতি বন্যায় বিধ্বস্ত নৌকার মতো টুকরো টুকরো ভাঙছিল। জীবনের বহু ভাঙনের পর, দর্শনের পথ ধরে সে বুঝতে পেরেছিল নিজের অন্তর্গত আত্মাকে। সত্যের খোঁজে আর মানুষের স্বাভাবিক প্রকৃতিতে নিজের ভিতর দৃষ্টি রাখার এক অসাধারণ আত্মসন্ধানের গল্প এই বই।
ট্রাকবাহনে ম্যাকমাহনে — নবনীতা দেবসেনছবি : সংগৃহীত।
কোথায় অসমের জোড়হাটে এক মহিলা সাহিত্যিক সম্মেলন, আর কোথায় তিব্বত সীমান্ত! তাও আবার প্লেনে-ট্রেনে চড়ে শৌখিন ভ্রমণ নয়, একেবারে ডাকাবুকো স্টাইলে অ্যাডভেঞ্চার। র্যাশন ট্রাকে জোর করে জায়গা করে নিয়ে দুর্গম পাহাড়ি রাস্তা বেয়ে ম্যাকমাহন লাইনের পাশে তাওয়াং পৌঁছনো। সেই লাসা-তাওয়াং রোড, যেখান দিয়ে চিনেরা এসেছিল। রবীন্দ্রনাথের সেই গানের ডাকে সাড়া দিয়ে অজানিতের পথে ঝাঁপ দেওয়ার এমন অনন্য অভিজ্ঞতাকে অত্যন্ত সরল, সুস্বাদু ও রমণীয় ভঙ্গিতে এ গ্রন্থে তুলে ধরেছেন নবনীতা দেবসেন।
পামরি — বুদ্ধদেব গুহছবি : সংগৃহীত।
উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে নর্দার্ন কোলফিল্ডসের কয়লা খাদানের পটভূমিতে লেখা এই উপন্যাস। কোল ইন্ডিয়া যে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে, সাধারণ মানুষ তার খবর কতটুকুই বা রাখে! অতি রায়, তাঁর বন্ধু অনিশ এবং বহুকর আগের এক প্রতিবেশী নিজিতেন মামার মেয়ে পামরি এর মূল চরিত্র। সঙ্গে সিঙ্গারৌলির মেয়ে ঝিমলি। দেশের এই বিশাল অবহেলিত অঞ্চল ও সেখানকার মানুষের জীবনের অন্দরের গল্প তুলে ধরেছে এই উপন্যাস, যা পাঠকদের এক নতুন পৃথিবীর সন্ধান দেবে।
ফিরে ফিরে আসি — সঞ্জীব চট্টোপাধ্যায়ছবি : সংগৃহীত।
ভগবানই সৃষ্টিকর্তা, আর মানুষ বারে বারে আসে — এই তো প্রচলিত ভাবনা। কিন্তু ভগবানকে যদি সামনে পাওয়া যায়, তবে কি জিজ্ঞেস করা যায় না কেন কেউ জন্মায় সোনার চামচ মুখে নিয়ে, আর কেউ জন্মায় ফুটপাতে? কার ইশারায় আমরা খেলি এই পৃথিবীর পুতুলনাচ? জীবনের এই সব জন্ম-মৃত্যুর হিসাব আর অদৃশ্য সুতোর টানের রহস্য নিয়ে লেখা এই উপন্যাস যেন এক অভিনব জাতককাহিনী। হাসিকান্না আর মায়া-মমতায় মোড়া জীবনের অদ্ভুত এক দর্শন খুঁজে পাবেন এখানে।
