সংবাদ · দেশ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং
২৩/১০/২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকিং করে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে চরম বিস্ময় ও নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনেদুপুরে এই মাইকিংয়ের ঘটনাটি ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশার ওপর মাইক বেঁধে এক যুবক প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দাবাসীদের উদ্দেশে সম্ভাষণ জানানোর পর প্রচারণায় দাবি করা হয়, ‘আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।’ এ সময় দল-মত-নির্বিশেষে সবাইকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং সম্পন্ন করা হয়।এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করেছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মূল প্রতিবেদনে যান ↗