বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনমানুষের কথা তুলে ধরা এবং জনদূভোগ, সম্ভাবনা ও উন্নয়নচিত্র গণমাধ্যমে প্রকাশের প্রত্যয় নিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোনাবাড়ী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক,সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গাজীপুর কোনাবাড়ী প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, কোনাবাড়ী পপুলার হসপিটালের এমডি কাজী নজরুল ইসলাম, গাজীপুর ফিডের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক অজয় সরকার জুটন, নির্বাহী সদস্য রেজা চৌধুরী সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,সাংবাদিক হলো সমাজের দর্পন। আয়নার মতো স্বচ্ছতা তাদের কলমের লিখনির মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার, এলাকার সমস্যা, অনিয়ম এবং উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জনস্বার্থ রক্ষা ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং কালবেলার সাংবাদিকদের সাহসিকতার কথাও তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার উপপরিদর্শক হেলাল খান, কোনাবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ কোনাবাড়ী প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আলোচনার শুরুতে দৈনিক কালবেলার পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
