“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিন উল হাসান, চিকিৎসক ডা. মৌসুমী ভৌমিক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কন্যাশিশুরা আমাদের সমাজের শক্তি ও সম্পদ। বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনের মাধ্যমে কন্যাশিশুদের যথাযথ শিক্ষা ও সুরক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তারা আগামী দিনে দেশ ও বিশ্বজয়ের নেতৃত্ব দিতে পারে।”
আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসব লক্ষ্য অর্জনে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
