উত্তরবঙ্গের খাদ্যসংস্কৃতির এক অনন্য ও অবিচ্ছেদ্য অনুষঙ্গ বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলুর ঘাটি’ বা ‘আলুর ঘেঁট’। স্থানীয় উৎসব-পার্বণ কিংবা দৈনন্দিন পারিবারিক খাবারের টেবিলে লাল আলুর এই বিশেষ পদটির আবেদন চিরন্তন। স্বাদে বৈচিত্র্য আনতে মাছ কিংবা মাংসের পাশাপাশি ডিম দিয়ে তৈরি এই আলুর ঘাটি অত্যন্ত জনপ্রিয়। সাধারণ উপাদান দিয়েই যে রাজকীয় স্বাদ তৈরি করা সম্ভব, তারই বাস্তব প্রমাণ এই পদটি। রসনা বিলাসীদের জন্য বগুড়ার এই বিখ্যাত ‘ডিম-আলুর ঘাটি’ ঘরেই সহজে তৈরি করার পারফেক্ট ও ঘরোয়া রেসিপিটি সুইট'স কিচেন-এর প্রধান নির্বাহী ফারজানা রহমানের।
চলুন জেনে নিই আজকের রেসিপিটি-
উপকরণ
ঐতিহ্যবাহী এই পদটি তৈরির জন্য প্রয়োজন ১/২ কেজি বগুড়ার লাল আলু, ৪টি ডিম, ১/৩ কাপ তেল, ১/২ চা-চামচ হলুদ গুঁড়া, ১ চা-চামচ মরিচ গুঁড়া, ১ চা-চামচ গোটা জিরা, ১ চা-চামচ জিরা বাটা, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ রসুন বাটা, ১/২ কাপ পেঁয়াজ কুচি, ১/২ কাপ টমেটো কুচি, ৪-৫টি চেরা কাঁচা মরিচ, ২টি তেজপাতা, ৩টি এলাচ, ৪ টুকরো দারচিনি, ১টি কালো এলাচ, ১/২ চা-চামচ লবণ এবং ১ কাপ পানি।
প্রস্তুত প্রণালি
প্রথমে আলু ও ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে এবং আলুগুলোকে হাত দিয়ে হালকা চটকে আধা-ভাঙা করে রাখতে হবে। তারপর একটি প্যানে ১/৩ কাপ তেল গরম করে সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে সেদ্ধ ডিমগুলো ভেজে তুলে রাখতে হবে। এবার ডিম ভাজার তেলের মধ্যে গোটা জিরা ফোঁড়ন দিয়ে জিরা ভাজা হলে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ এবং চেরা কাঁচা মরিচ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ লালচে হয়ে এলে সামান্য পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা বাটা ও লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ পর টমেটো কুচি দিয়ে আবারো কষাতে হবে; যখন মসলার ওপর তেল উঠে আসবে, তখন চটকানো আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে ১ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। তরকারিতে বলক এলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে ঐতিহ্যবাহী বগুড়ার ডিম-আলুর ঘাটি।
