রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, নির্মাণাধীন ভবনের সিঁড়ি ও লিফটের পাশে ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে মারা যেতে পারেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বাংলাদেশে এলে তার বাবা মোশাররফ হোসেনের দাফনকাজ সম্পন্ন করা হবে।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তার সদস্য নম্বর ২০১২। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন।
ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, ওই ভবনের একটি ফাঁকা জায়গা দিয়ে মোশাররফ হোসেন নিচে পড়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন।
