হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশন ও কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৯ সিলেটের অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এ সময় শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি টহল দল মোতায়েন রয়েছে বলে জানানো হয়।
এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, "কোনো তথ্য পেলে তা যাচাইয়ের সুযোগ দিতে হবে। তথ্য মিথ্যা হলে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পূজা উদ্যাপন কমিটির উদ্দেশে তিনি বলেন, নারী ও শিশুরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারে, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া যেকোনো নাশকতা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসআরবি স্পেশাল ফোর্স প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
পরে তিনি বিভিন্ন পূজামণ্ডপের পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
এমএ
