কালবেলা · খেলাধুলা
কত ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিয়ুস, এল ক্লাসিকোয় কি খেলতে পারবেন
১২/১০/২০২৬

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। এবার আরো বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধে একজন খেলোয়াড়কে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। তেমনটা হলে আগামী ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ভিনিসিয়ুস।
সান্তিয়াগো বার্নাব্যুয় শনিবার (১০ অক্টোবর) রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ঘটনাটি ঘটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস জুড বেলিংহামের পাস থেকে গোল করেন। কিন্তু গোল উদযাপনের মুহূর্তেই ভিএআর পর্যালোচনায় দেখা যায়, রিয়ালের আক্রমণ গড়ে ওঠার সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনেছিলেন ভিনিসিয়ুস। পরে গোলটি বাতিল করে ভিনিকে সরাসরি লাল কার্ড দেখান ন রেফারি ইসিদ্রো দিয়াস দে মেরা এসকুদেরোস। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচটি জেতে রিয়াল।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলে বল দখলের লড়াইয়ের বাইরে প্রতিপক্ষের চুল টানার ঘটনাটি ‘সহিংস আচরণ’ হিসেবে বিবেচিত হয়ে থাকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১৩০.২ ধারা অনুযায়ী, খেলার স্বাভাবিক পরিস্থিতির বাইরে এমন অপরাধে দুই থেকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে।
ম্যাচ শেষে রেফারির প্রতিবেদনে লাল কার্ড দেখানোর পর ভিনিসিয়ুসের প্রতিবাদের বিষয়টিও উঠে এসেছে। ভিনি উচ্চস্বরে চিৎকার করেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারির দিকে এগিয়ে যান। সতীর্থদের তাকে ধরে রাখতে হয়। এ কারণে শাস্তির মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভিনি অন্তত দুই ম্যাচ নিষেধাজ্ঞা পেলেই সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। এর অর্থ মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করবেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদ চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে আপিলের পর ভিনিকে যদি তিন ম্যাচের জায়গায় দুই ম্যাচও নিষিদ্ধ করা হয়, তবু তিনি এল ক্লাসিকোয় খেলতে পারবেন না।
এদিকে, গত রাতের ঘটনার পর ভিনিসিয়ুস সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। এখন তার ভাগ্য ঝুলে আছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির ওপর।
মূল প্রতিবেদনে যান ↗