শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
শনিবার (২৪ অক্টোবর) ছুটির দিনেও পৌরবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় মেহের কালিবাড়ীসংলগ্ন খালে জমে থাকা বর্জ্য এবং নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ দেখে দ্রুত অপসারণের উদ্যোগ নেন তিনি।
এইদিন সকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণের বিষয়ে পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন প্রশাসক মনিরা খাতুন। পরে বেশ কয়েকজন নাগরিক বিভিন্ন স্থানের সমস্যার কথা তাঁকে জানান। ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি অভিযোগের স্থানগুলো সরেজমিনে দেখতে বেরিয়ে পড়েন।
পরিদর্শনকালে পৌর এলাকার প্রাণকেন্দ্র মেহের কালিবাড়ীসংলগ্ন খালটি বর্জ্য ফেলে ভরাট হয়ে যাওয়ার চিত্র তাঁর নজরে আসে। এ অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে বর্জ্য অপসারণের উদ্যোগ নেন এবং পৌরসভার প্রধান সহকারী নজরুল ইসলামকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে দুপুরেই ভেকু এনে খাল থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়।
অন্যদিকে, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্জ্য অপসারণের কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে আসে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌর প্রশাসককে সাধুবাদ জানান স্থানীয় লোকজন।
এলাকাবাসী জানান, পৌর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি খালগুলো পরিষ্কার রাখা জরুরি। নিয়মিত বর্জ্য অপসারণ করা হলে পরিবেশ দূষণ কমবে এবং জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে হ্রাস পাবে। তাঁরা এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
পৌর প্রশাসক মনিরা খাতুন বলেন, বর্জ্য অপসারণে শাহরাস্তি পৌরসভা সব সময় সোচ্চার রয়েছে। পৌর এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। কোথাও বর্জ্য জমে থাকলে সংশ্লিষ্ট স্থান সম্পর্কে তথ্য দিয়ে পৌরসভাকে সহযোগিতা করার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
ফম/এমএমএ/
