নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’ মুক্তি পাচ্ছে আগামী ১৬ অক্টোবর। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন শ্যামল মাওলা ও নবাগত চিত্রনায়িকা চাঁদনী শেখ।
দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’। এতে উঠে এসেছে নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন, বন্ধুত্ব, ভালোবাসা ও সম্পর্কের নানা টানাপোড়েন। চাঁদনী ও শ্যামলকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার গল্প।
চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। প্রযোজনা করেছে ফিল্ম ম্যানিয়া।
মুক্তির আগে প্রকাশিত ট্রেলার, টিজার ও ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের রোমান্টিক গানটি ঘিরে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্মাতার প্রত্যাশা, সিনেমাটি শুধু বিনোদন দেবে না, বরং একটি বিশেষ সময়ের আবেগও দর্শকের মনে জাগিয়ে তুলবে।
চাঁদনী শেখ ও শ্যামল মাওলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারীসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়েছেন।
নতুন জুটি হিসেবে চাঁদনী ও শ্যামলের রসায়ন পর্দায় কেমন জমে, তা দেখার অপেক্ষায় আছেন দর্শক।
বিআলো/শিলি