Published on
:
1 min read
রবিবার বিহারের পাটনার একটি সভায় বক্তৃতা রাখতে গিয়ে মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পাটনার সেই সভায় বক্তব্য রাখার সময়ে শ্রোতাদের মধ্যে একজন বলে ওঠেন, ‘মোদী কোথাও যাচ্ছেন না (ক্ষমতাচ্যুত হচ্ছেন না)। সেই বক্তব্য শুনে মেজাজ হারিয়ে খাড়্গে বলেন, ‘মোদী কা বাপ ভি জায়েগা’ (মোদীর বাবাও যাবেন)। খাড়্গের এই বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিজেপির তরফে এই মন্তব্যের জোর সমালোচনা করা হয়েছে।
#WATCH | A ruckus broke out during Congress national president Mallikarjun Kharge's address at the 139th birth anniversary celebration of Dr. Shri Krishna Singh in Patna, Bihar A person present at the event said that PM Modi would not go anywhere, Kharge responded, "Modi ka baap bhi jayega."
— ANI (@ANI) October 25, 2026
বিহারের পাটনায় ড. শ্রীকৃষ্ণ সিং-এর ১৩৯তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন মল্লিকার্জুন খাড়্গে। সেখানেই বক্তৃতার মাঝেই এই কথা বলেন খাড়্গে। এই অনুষ্ঠানে বিজেপি সরকারের একাধিক বিষয় নিয়ে সমালোচনা করতেও শোনা যায় খাড়্গেকে।
বিজেপি নেতৃত্ব, এই মন্তব্যের নিন্দা করেছেন এবং বিষয়টি নিয়ে খাড়্গের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। খড়গের মন্তব্যের প্রতিবাদে সোমবার সকালে পাটনার ইনকাম ট্যাক্স চত্বরে কংগ্রেস সভাপতির কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, মোদীর প্রয়াত পিতাকে নিয়ে এমন মন্তব্য করে খাড়্গে রাজনৈতিক শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। তিনি জানান, কংগ্রেস বারবার প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। শুধু শাহই নয়, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এই মন্তব্যের বিরোধিতা করে খাড়্গের সমালোচনা করেন।
