মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাথমিকভাবে তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও উপকারভোগী পরিবারের তালিকা প্রণয়নের কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে উপকারভোগী নির্বাচনের মানদণ্ড, তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) রাজনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং উপকারভোগী নির্বাচনের সম্ভাব্য মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
প্রাথমিক পর্যায়ে যেসব ওয়ার্ডে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে, সেগুলো হলো—ফতেপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, কামারচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং মুন্সিবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়নের ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলি অনুসরণ, তথ্যের যথার্থতা যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। সংগৃহীত তথ্য যাচাইয়ের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে পরবর্তী সময়ে কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, উপদেষ্টা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান এবং সহযোগী সদস্য জুয়েল আহমদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
