রংপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছেন বিজিবি’র উপ-মহাপরিচালক ও রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল রুবায়েত হাসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পায়রা চত্ত্বরস্থ শ্রী শ্রী করুণাময়ী কালিবাড়ি মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকার মোট ৮ কিলোমিটারের ৭১ সীমান্ত পর্যবেক্ষণ চৌকির মাধ্যমে ২৭৫টি ও বিজিবির ৪টি ব্যাটালিয়নের মাধ্যমে ৩৪টিসহ মোট ৩০৯টি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে বিজিবি।
তিনি আরও বলেন, বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীদের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সঙ্গে যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট পূজামণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে বিজিবি। পূজামণ্ডপে দায়িত্ব পালনের পাশাপাশি জননিরাপত্তায় আমরা কাজ করব। এতে করে পুলিশ, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করব। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
