চাঁদপুরের হাইমচরে মা ইলিশ রক্ষায় পরিচালিত পৃথক দুই অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ এবং প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের মধ্যে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম অভিযান চালায় উপজেলা টাস্কফোর্স কমিটি। উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, মৎস্য কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইলিশ বিক্রির সময় দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রাপ্ত ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত দ্বিতীয় অভিযানে ইলিশ শিকারের অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। উদ্ধারকৃত ইলিশ চারটি এতিমখানায় প্রদান করা হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনকারী হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম জানান, আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে এবং অপর তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
জেএইচআর
