সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। এতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
বিমান জানায়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানানো হবে।
জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান।
এ ছাড়া, ফ্লাইট স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
