ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এসআই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর বাসটি তার সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএইচআর
