দীর্ঘদিন একা থাকা ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট। নতুন এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।
বিয়ে করেননি, প্রেমের সম্পর্কেও নেই—তবু জীবনের প্রতি সন্তুষ্ট অধিকাংশ মানুষ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা একা থাকার বিষয়ে সন্তুষ্টিতে পরিবর্তন এলেও সামগ্রিক জীবন নিয়ে তাদের ইতিবাচক মনোভাব বজায় থাকে। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে জার্মানির ২ হাজার ৯৩০ জন অবিবাহিত মানুষের ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারীদের কখনো বিয়ে না করা এবং প্রতিবছর তথ্য সংগ্রহের সময় কোনো স্থায়ী প্রেমের সম্পর্কে না থাকার শর্ত পূরণ করতে হয়েছে।
গবেষকরা অংশগ্রহণকারীদের ৩টি বয়সভিত্তিক দলে ভাগ করেন। প্রথম দলে ছিলেন প্রায় ১৮ বছর বয়সী, দ্বিতীয় দলে ২৬ বছর বয়সী এবং তৃতীয় দলে ৩৬ বছর বয়সী ব্যক্তিরা। দেখা গেছে, তিনটি দলেরই প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রায় মধ্যম মানের চেয়ে বেশি স্কোর করেছেন।
গবেষণাটির প্রধান লেখক ও ইউনিভার্সিটি অব টরন্টোর পিএইচডি গবেষক এলেইন হোয়ান বলেন, একা থাকা ব্যক্তিদের সামগ্রিক জীবনসন্তুষ্টি দীর্ঘ সময় ধরে বেশ স্থিতিশীল ছিল। তবে যৌনজীবন নিয়ে সন্তুষ্টি, একা থাকার বিষয়ে মনোভাব এবং সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষায় ব্যক্তিভেদে পার্থক্য ছিল।
গবেষণায় আরও দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে একা থাকার বিষয়ে সন্তুষ্টি কিছুটা কমেছে। তরুণ বয়সে থাকা অংশগ্রহণকারীদের প্রায় ৬৭ শতাংশ নিজেদের সম্পর্কের অবস্থা নিয়ে সন্তুষ্ট ছিলেন। বয়স্ক দলগুলোতে এই হার কম ছিল।
এ ছাড়া ব্যক্তিত্বের বৈশিষ্ট্যও সন্তুষ্টির সঙ্গে সম্পর্কিত বলে উঠে এসেছে। তুলনামূলক কম স্নায়বিক উদ্বেগপ্রবণতা এবং বেশি বহির্মুখী বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যে জীবন ও একা থাকার বিষয়ে সন্তুষ্টি বেশি দেখা গেছে। উচ্চশিক্ষিতদের কয়েকটি দলে যৌনজীবন নিয়ে সন্তুষ্টি তুলনামূলক কম ছিল।
গবেষকদের মতে, একা থাকলেই মানুষ অসুখী এমন ধারণার পক্ষে গবেষণার ফল সমর্থন দেয় না। অনেকের সঙ্গী পাওয়ার ইচ্ছা থাকলেও তারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
