পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে পাওয়া জফ্রা আর্চারকে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে দলে রেখেছে ইংল্যান্ড। আর গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোটে পড়া জ্যাকব বেথেল ফিরছেন পুরোপুরি ফিট হয়ে।
মঙ্গলবার ঘোষিত হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে নেই জস বাটলার, হ্যামস্ট্রিংয়ে চোটে মাঠের বাইরে আছেন তিনি। আর হাঁটুর চোটে বাইরে আছেন সাকিব মাহমুদ।
অস্ট্রেলিয়ায় ৫০ ওভারের সংস্করণের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই দলে আর্চার, গাস আটকিনসন, সনি বেকার, জশ টাংকে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাদেরকে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি।
আর্চার ও বেথেলের প্রত্যাবর্তনে খুশি ইংল্যান্ডের জাতীয় নির্বাচক মার্কাস নর্থ।
“এক বছরের মধ্যে বিশ্বকাপ হওয়ায় (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ওয়ানডে সিরিজে আর্চার ও বেথেলের ফেরার অর্থ হলো আমরা প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুতিতে গতি আনতে পারব।”
ওয়ানডে সিরিজের পর কেন চার পেসারকে আবার বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটাও ব্যাখ্যা করেন নর্থ।
“তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তারা ফিরে যাবেন, কারণ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য তাদের বিশ্রাম ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নজর দিতে হবে।”
পেসারদের বিশ্রামে রাখায় টি-টোয়েন্টি সিরিজের দলে চার অনভিষিক্ত ক্রিকেটারকে দলে ডেকেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন টমাস রু ও এডি জ্যাক। সোমবার প্রকাশিত ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী রু। ফেব্রুয়ারিতে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এছাড়া গত বছর অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড লায়নস দলে ছিলেন রু ও জ্যাক।
ঊরুর চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফিল সল্ট। চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি। ওই সিরিজে অভিষেক হওয়া আনাইরিন ডোনাল্ডকে দলে রাখা হয়েছে। এছাড়া দলে ফিরেছেন লুক উড।
টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন ইংল্যান্ড দলের নির্বাচক।
“হ্যারি ব্রুকের নেতৃত্বে টি-টোয়েন্টি দল দারুণ ছন্দে আছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে খুব ভালো একটা দলের বিপক্ষে নিজেদের যাচাই করে দেখার জন্য মুখিয়ে আছি আমরা।”
আগামী ৭ নভেম্বর পার্থে প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ইংল্যান্ড। এর পাঁচ দিন পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ (পার্থ), ১৫ (অ্যাডিলেইড) ও ১৮ (হোবার্ট) নভেম্বর।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে মেলবোর্নে ২১ নভেম্বর।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস আটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও জশ টাং।
ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, টমার রু, ফিল সল্ট ও লুক উড।
