বগুড়ায় স্কুলে শাসন করায় এক শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। গাছের ডাল দিয়ে শিক্ষকের মুখ ও ঘাড়ে আঘাত করার এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া নগরীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষক রায়হান ইসলাম বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চার শিক্ষক।
ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ের ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান। পথে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক সেখানে পৌঁছালে মোটরসাইকেল থামানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে শিক্ষার্থীটি পালিয়ে যায়।
এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাড়িতে অবস্থান করছেন আহত শিক্ষক।
বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
বিআলো/শিলি