সহশিল্পী যাহের আলভীর পারিবারিক ট্র্যাজেডিতে নাম জড়ানোর পর দীর্ঘদিন ধরে কাজের খরায় পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী ইফফাত আরা তিথি। চলতি বছরের মার্চ মাসে অভিনেতার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনো কাটেনি। ওই ঘটনার পর থেকেই মূলত ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা খান তিথি, যা তাকে দীর্ঘমেয়াদি কাজহীনতার দিকে ঠেলে দিয়েছে।
তিথির আলো ঝলমলে ক্যারিয়ারে হঠাৎ করেই নেমে এসেছে স্থবিরতা। যে অভিনেত্রীর শিডিউল পেতে নির্মাতাদের অপেক্ষা করতে হতো, সেই তিথি এখন অনেকটাই আড়ালে ও কাজহীন। কোনো স্ক্যান্ডাল বা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন কীভাবে একজন উদীয়মান তারকার ক্যারিয়ারকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে, তার এক বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। অভিনেতা আলভীর পারিবারিক সংকটে নাম জড়ানোর পর থেকেই নতুন কাজের খরায় ভুগছেন এই অভিনেত্রী!
ঘটনার সূত্রপাত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষে। যাহের আলভী ও ইফফাত আরা তিথি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। ঠিক সেই সময়েই, ২৮ ফেব্রুয়ারি ঢাকায় আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেন। ইকরার মৃত্যুর পর পরই অভিযোগ ওঠেÑসহকর্মী তিথির সঙ্গে আলভীর পরকীয়া সম্পর্কই এই আত্মহত্যার পেছনে মূল কারণ ছিল। তিথি-আলভীর প্রেম নাটকপাড়ায় ছিল ওপেন সিক্রেট! যদিও তারা সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করেছেন।
পরবর্তীতে জানা যায়, পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলার তালিকায় তিথির নাম প্রধান অভিযুক্ত হিসেবে সরাসরি যুক্ত না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নাটকপাড়ায় তাকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। নেপাল থেকে দেশে ফেরার পর তিথি আলভীর সঙ্গে প্রেমের সম্পর্ককে ভিত্তিহীন দাবি করলেও সাধারণ দর্শক ও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন তিনি।
ইকরা ইস্যুর পর থেকেই নাটকপাড়ার সমীকরণ তিথির জন্য কঠিন হয়ে পড়ে। জানা গেছে, আলভীর ঘটনার পর থেকে অভিনেত্রীকে নিয়ে কাজে অনাগ্রহ দেখাচ্ছেন নির্মাতারা। প্রায় সাত মাসে ধরে শুটিং থেকে দূরে তিথি। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ড ভ্যালু ও দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে তিথিকে কাস্ট করা থেকে বিরত থাকছেন। গুঞ্জনের কারণে অনেক সহ-অভিনেতাও এখন তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে স্বস্তি বোধ করছেন না বলে খবর।
কবে কাজে ফিরবেন জানতে চাইলে রূপালী বাংলাদেশকে তিথি বলেন, নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, অচিরেই দর্শকরা আমাকে পর্দায় দেখতে হবে। আলাপকালে তিথি জানান, আলভীর সঙ্গে নাম জড়ানোর পর থেকে এখন পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াননি। অভিনেতার সঙ্গে সর্বশেষ নেপালে কাজ করেছিলেন। সামনে আবার একসঙ্গে দেখা যাবে কিনা সেই রহস্য জিইয়ে রেখেছেন অভিনেত্রী।
আইনিভাবে তিথি নিজেকে নির্দোষ দাবি করলেও সাইবার দুনিয়ায় তাকে নিয়মিত ট্রোলের শিকার হতে হচ্ছে। যেকোনো পোস্ট বা কাজের খবরের নিচে দর্শকদের একাংশের নেতিবাচক মন্তব্য তিথির পেশাদার জীবনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারো ব্যক্তিগত জীবনের ঝড়ে নাম জড়িয়ে পড়া কীভাবে পেশাগত জীবনকে গ্রাস করতে পারে, তিথির বর্তমান পরিস্থিতি তারই প্রমাণ। ছোট পর্দার এই পরিচিত মুখ আবার কবে নিজের চেনা ছন্দে, নতুন কোনো গল্পে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেনÑ তা এখন সময়ই বলে দেবে। আপাতত, সামাজিক ট্যাবু আর কাজের খরা কাটিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পুনরুদ্ধার করাই তিথির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
