Published on
:
2 min read
শরতের পেঁজা তুলো মেঘ, আর মণ্ডপে মণ্ডপে ঢাকের শব্দে যখন মেতে উঠেছে চারপাশ। উৎসবের সেই রঙিন আমেজ ছুঁয়ে গিয়েছে আরবসাগরের তীরেও। মুম্বইয়ের ঐতিহ্যবাহী ৮০তম ‘উত্তর বম্বে সার্বজনীন দুর্গোৎসব’ (যা মুখোপাধ্যায় বাড়ির পুজো বলেই পরিচিত)-এর মণ্ডপে মহাঅষ্টমী ও মহানবমীর পুণ্য তিথিতে দেবীর আশীর্বাদ নিতে হাজির হয়েছিলেন বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বন্ধু তথা বিশিষ্ট পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তবে সবচেয়ে বেশি যা নজর কেড়েছে, তা হলো আলিয়ার চোখধাঁধানো সাবেকি সাজ।
ছক ভেঙে সম্পূর্ণ বাঙালি আটপৌরে কায়দায় শাড়ি পরে অষ্টমীর মণ্ডপে হাজির হয়েছিলেন তিনি। দেবীদর্শনে আলিয়ার পরনে ছিল গাঢ় ফুশিয়া পিঙ্ক রঙের একটি সিল্ক শাড়ি। শাড়ির পাড় জুড়ে ছিল সোনালী ‘গোটাপট্টি'র সূক্ষ্ম কাজ। তবে এই লুকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল আলিয়ার শাড়ি পরার ধরন। একেবারে খাঁটি বাঙালি কায়দায় শাড়িটি ড্রেপ করেছিলেন তিনি, যা তাঁর পুরো চেহারায় এনে দিয়েছিল এক চিরন্তন সাবেকি ছোঁয়া। শাড়ির উজ্জ্বল গোলাপি রঙের সঙ্গে কনট্রাস্ট তৈরি করে আলিয়া বেছে নিয়ে ছিলেন একটি তুঁতে নীল রঙের ব্লাউজ়। ছিমছাম ব্লাউজ়টির নেকলাইন ছিল ব্রড, হাতাটি ‘পাফ স্লিভ’।
পোশাকের রঙের উজ্জ্বলতা বজায় রেখে অলঙ্কারের ক্ষেত্রে আলিয়া বেছে নিয়েছিলেন সোনালী গয়না। কানে ভারী গোল্ডেন ঝুমকো, দু'হাত ভরা চুড়ি আঙুলে স্টেটমেন্ট আংটি। মাঝখানে সিঁথি কেটে মাথার চুল শক্ত করে বাঁধা একটি বেণী-খোঁপা, তার চারপাশে পেঁচানো ছিল নানা রঙের ফুল। গালে হালকা গোলাপি আভা, চোখে সফট ডিফাইনড কাজল, ঠোঁটে নো-মেকআপ শেডের সূক্ষ্ম লিপস্টিক এবং কপালে একটি ছোট্ট কালো টিপ। এই সাজই আলিয়ার স্নিগ্ধতা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল।
মণ্ডপে পৌঁছে অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে আলিয়াকে দুর্গার আরতি উপভোগ করতে এবং ভক্তিভরে প্রণাম জানাতে দেখা যায়। উপস্থিত অনুরাগী ও পাপারাৎজ়িদের উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে শারদীয় শুভেচ্ছা জানান অভিনেত্রী।