কক্সবাজারের ইনানীতে বিচে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্টটি বানানোর ক্ষেত্রে সরকারি কোনো সংস্থা থেকে অনুমোদন নেওয়া হয়নি। একইভাবে কক্সবাজারের পর্যটন এলাকার এলাকার অধিকাংশ ইকো রিসোর্টে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সংস্থাটির মহাপরিচালক সুলতানুল আরেফিন জুনায়েদ বলেছেন, কক্সবাজারের পর্যটন এলাকার এলাকার অধিকাংশ ইকো রিসোর্টে প্রয়োজনীয় অনুমোদন নেই। শনিবার (১৭ অক্টোবর) ফুলবাড়িয়া সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিস স্টেশন থেকে ১৮ কিলোমিটার দূরে হওয়া আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটন করপোরেশনসহ সরকারি সংস্থার সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে ইনানী বিচ এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগে। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে প্রথমে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও চারজন মারা যান। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন।
