নান্দনিক নাট্য সম্প্রদায়ের ৪৯ বছর, ‘নয়া মানুষ’সহ যা থাকছে
জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী উৎসবে দেখানো হবে ‘নয়া মানুষ’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বাংলাদেশের মঞ্চনাটকের ঐতিহ্যবাহী সংগঠন ‘নান্দনিক নাট্য সম্প্রদায়’। সংগঠনটি প্রতিষ্ঠার ৪৯ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এ উৎসবে নাট্যপ্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হবে সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক পথচলা।
১৯৭৭ সালের ১৬ অক্টোবর কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে নান্দনিক নাট্য সম্প্রদায়। প্রতিষ্ঠালগ্ন থেকেই নাটকের মাধ্যমে সমাজজীবনের নানা দিক, সংকট ও বাস্তবতা দর্শকদের সামনে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে আসছে সংগঠনটি। মঞ্চনাটকের চর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে সংগঠনটির এই দীর্ঘ পথচলা বাংলাদেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, `নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন। নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে—এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই।”
উৎসবের প্রথম দিন, ২২ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’।
উৎসবের দ্বিতীয় দিন, ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় আবারও মঞ্চস্থ হবে ‘নৃপতি’। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এই উৎসব নাট্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি মঞ্চনাটক ও চলচ্চিত্রের সমন্বয়ে উৎসবটি দর্শকদের জন্য ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা নিয়ে আসবে।
নান্দনিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, `নাটকের মাধ্যমে সমাজজীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব-মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি দর্শক ও শুভানুধ্যায়ীদের। তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাসমূহকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।’
প্রতিষ্ঠার ৪৯ বছর পূর্তির এই আয়োজনের মধ্য দিয়ে নান্দনিক নাট্য সম্প্রদায় তার সাংস্কৃতিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে চায়। নাটকের মাধ্যমে সমাজ ও মানুষের মধ্যে ইতিবাচক চেতনার বিকাশ ঘটানো এবং বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটি ভবিষ্যতেও এগিয়ে যেতে আগ্রহী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
