বাংলাদেশ ফুটবল লিগে যেন থামতেই চাইছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়যাত্রা। প্রতিপক্ষ বদলাচ্ছে, কিন্তু বদলাচ্ছে না সাদা-কালোদের দাপট। এবার ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে চার গোলের জয় তুলে নিয়ে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধু গোল করেই নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েও ম্যাচের নায়ক শাহরিয়ার ইমন। তার গোলের পর সুলেমান দিয়াবাতে ও মোজাফ্ফর মোজাফ্ফরভের ঝলকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় মোহামেডান!
আজ শনিবার মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। প্রথমার্ধে একটি গোল পেলেও বিরতির পর যেন অন্য রূপে দেখা দেয় দলটি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ থেকে ওয়ান্ডারার্সকে কার্যত ছিটকে দেয় সাদা-কালোরা। শেষ দিকে আরিফ হোসেনের গোলে পূর্ণতা পায় বড় জয়।
ম্যাচের ২৯ মিনিটে প্রথমবার ওয়ান্ডারার্সের রক্ষণ ভাঙে মোহামেডান। সতীর্থের থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বেরিয়ে যান শাহরিয়ার ইমন। সামনে এগিয়ে আসা গোলরক্ষক মোহাম্মদ মহিউদ্দিনকে পরাস্ত করে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। তাঁর গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি। ৫৩ মিনিটে ইমনের আড়াআড়ি ক্রস থেকে গোলমুখে বল পেয়ে সহজ টোকায় ব্যবধান দ্বিগুণ করেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এরপর ৫৬ মিনিটে আরেকটি গোল। এবার ডিফেন্ডারের বাধা কাটিয়ে কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ। চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচে ফেরার পথ হারিয়ে ফেলে ওয়ান্ডারার্স।
দিয়াবাতে অবশ্য ব্যবধান বাড়ানোর আরও একটি সুযোগ পেয়েছিলেন। ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে তার নেওয়া ফ্রি-কিক রক্ষণ দেয়াল পেরিয়ে পোস্টে লেগে ফিরে আসে। তবে মোহামেডানের গোল উৎসব থামেনি। ৮৬ মিনিটে ইমনের বাড়ানো আড়াআড়ি ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন ওয়ান্ডারার্সের এক ডিফেন্ডার। দূরের পোস্টে থাকা আরিফ হোসেন সুযোগটি কাজে লাগিয়ে বল জালে পাঠান।
এই জয়ে চার ম্যাচে চার জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট হলো মোহামেডানের। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টের। পুলিশ পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লুডিকে ১-০ গোলে হারিয়েছে তারা। এক ম্যাচ কম খেলেই শীর্ষ দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মোহামেডান।
শীর্ষ দুই দলের পেছনে থাকলেও খুব বেশি দূরে নেই সিটি ক্লাব। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। এই ম্যাচে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্তের জোড়া গোল ছিল বিশেষ আকর্ষণ। বাকি দুটি গোল করেন ওনিয়েকাচি ওকাফোর ও এনামুল ইসলাম গাজী। পাঁচ ম্যাচে সিটি ক্লাবের সংগ্রহ এখন ১০ পয়েন্ট।
লিগের শুরুতে মোহামেডানের সামনে শিরোপার পথ কতটা কঠিন হবে, তা নিয়ে আলোচনা থাকলেও মাঠের পারফরম্যান্সে নিজেদের দাবিটা জোরালো করছে দলটি। চার ম্যাচে চার জয়, গোল করার একাধিক কার্যকর অস্ত্র এবং আক্রমণভাগে ইমনের মতো ফর্মে থাকা ফুটবলার-সব মিলিয়ে আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা পুলিশও ছাড়তে চাইবে না শীর্ষস্থান!
