ইসরাইলের তেল আবিব থেকে ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) এই ঘটনা ঘটে।
এয়ারবাস এ৩২০ মডেলের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়ার সীমান্তের কাছাকাছি আকাশসীমায় পৌঁছানোর পর ক্রুরা বোমা হামলার হুমকি সম্পর্কে অবহিত হন। এরপর নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটিকে সোফিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিকে নিরাপদে সোফিয়া বিমানবন্দরে পৌঁছে দিতে বুলগেরিয়ান বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান এসকর্ট করে নিয়ে যায়।
পরিবহন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই বিমানে মোট ছয়জন ক্রু ও ৫১ জন যাত্রী ছিলেন এবং অবতরণের পর তারা সবাই নিরাপদে নেমে আসেন। অস্ট্রিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি শেষে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বুলগেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
ফ্লাইট পর্যবেক্ষণ ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর বিমানটি রোমানিয়ার আকাশসীমা অতিক্রমের সময় জরুরি পরিস্থিতি বোঝাতে ‘স্কোয়াক কোড ৭৭০০’ সংকেত পাঠায় এবং পরবর্তীতে গতিপথ পরিবর্তন করে সোফিয়ায় অবতরণ করে।
উল্লেখ্য, এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রাকারী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলট কর্তৃক মূল পাইলটকে আক্রমণের আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর ইসরাইল সরকার দেশটিতে চলাচলকারী সব বিমানের পাইলটদের পরিচয় ও নিরাপত্তা যাচাইয়ের বিশেষ নির্দেশ দিয়েছিল।
